গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ফারুক (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ১টার দিকে উপজেলার ধাপেরহাট বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বৌবাজার এলাকার বাদশা মিয়ার ছেলে। ফারুক হত্যাসহ একাধিক মামলার আসামি বলে জানায় পুলিশ।
জানা যায়, সোমবার রাত ১টার দিকে ধাপেরহাট বৌবাজার এলাকায় ফারুকের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।
খবর পেয়ে তাকে উদ্ধার করে রাতেই রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়।
মঙ্গলবার ভোরে সেখানে চিকিৎসাধীন থেকে মারা যান ফারুক।
সাদুল্যাপুর থানার ওসি মাসুদ রানা জানান, দুর্বৃত্তদের হামলায় নিহত ফারুকের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।