পর্তুগালের ভেনিস বা রোমান্টিক শহর হিসেবে খ্যাত পশ্চিম উপকূলীয় শহর আভেইরো। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সামুদ্রিক বিভিন্ন খাবারের স্বাদ নিতেও ইউরোপ ও ইউরোপের বাইরের বিভিন্ন দেশের পর্যটকদের গন্তব্য আভেইরো। সেখানে গড়ে উঠেছে বাংলাদেশিদের বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানও।
দৃষ্টিনন্দন লেকের সমারোহে প্রায় ২০০ বর্গকিলোমিটার আয়তনের পুরো আভেইরো শহরটিই যেন প্রাকৃতিক সৌন্দর্যের আধার। জলপথের বিস্তৃতি আর রঙবেরঙের নৌকার এই শহরটি ‘পর্তুগালের ভেনিস’ নামেও পরিচিত।
বছরের একটা লম্বা সময় নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকায় আটলান্টিক তীরবর্তী আভেইরোর নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে বছরজুড়েই থাকে পর্যটদের পদচারণা। আর তাইতো রাজধানী লিসবনের বাইরে এখানেও ব্যবসা গেড়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
আঞ্চলিক শহর বিবেচনায় জেলাশহর কইম্বার পরেই সবচেয়ে বেশি মানুষের বসবাস আভেইরোয়। শহরটি এবং এর আশপাশের এলাকায় বাস করেন এক লাখ ২০ হাজার মানুষ।