নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার উপজেলার গণ্ডা ইউনিয়ন পরিষদের মরিচপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম মজনু মিয়া (৪০)। তিনি উপজেলার মোজাফরপুর গ্রামের মনু মিয়ার ছেলে। মজনু মরিচপুর গ্রামের হান্নান মিয়ার মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়িতেই থাকতেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুল্লাহ খান জানান, ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী ওই নারী কিছুদিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসেন। তার স্বামীর বাড়িও একই গ্রামে। ঘটনার দিন ওই নারীকে কৌশলে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে মজনু। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন এগিয়ে আসলে মজনু পালিয়ে যায়।
এরপর রাতেই ওই নারীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন কেন্দুয়া থানায়। ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, অভিযুক্ত মজনুকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।