নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে হিন্দু ধর্মালম্বীদের সব চেয়ে বড় উৎসব দুর্গা পূজা। দুর্গোৎসব উপলক্ষে ২১ অক্টোবর রাত ৯টার সময় পৌর এলাকার শিবতলা কর্মকার পাড়ার দুর্গা মন্দিরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ১ নম্বর বিট পুলিশিং কার্যালয় ১১, ১২ ও ১৩ এ তিনটি ওয়ার্ড নিয়ে গঠিত। পৌরসভার এ তিনটি ওয়ার্ডের আওতাধীন ৬টি পূজা মন্ডপ বা মন্দির রয়েছে।
পূজা মণ্ডপের নিরাপত্তাসহ এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় পুলিশ কাজ করছে।
এরই ধারাবাহিকতায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেনের তদারকিতে ১নং বিট পুলিশিং কার্যালয়ের বিট অফিসার এসআই মো. আব্দুস সালাম ৬টি পূজা মন্ডপ, মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে সভা করেন। এতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. তসিকুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এসআই আব্দুস সালাম জানান, ৬টি পূজা মন্ডপ আমাদের ১ নং বিট পুলিশিং কার্যালয়ের সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত আছে। বিসর্জন পর্যন্ত তা অব্যাহত থাকবে। নির্বিঘ্নে উৎসব পালনে সকলের সহযোগিতা আশা করেন বিট অফিসার আব্দুস সালাম। -কপোত নবী।