এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। প্রায় তিন মিনিটের ওই ভিডিওতে দেখা যায় কয়েকজন যাত্রীকে মারধর করে রক্তাক্ত করেছে সিএনজিচালিত অটোরিকশা চালকরা।
খোঁজ নিয়ে জানা যায়, ওই ভিডিওটি গেল শনিবার সকালে সুবর্ণচর উপজেলার খাসেরহাট রাস্তা মাথা এলাকার।
ভিডিওতে দেখা যায়, রাস্তা মাথা থেকে জেলা শহরের সোনাপুরের ভাড়া নিয়ে বিতর্কের জেরে খাসেরহাট রাস্তার মাথা সিএনজি স্ট্যান্ডে কয়েকজন যাত্রীকে মারধর করে রক্তাক্ত করে সিএনজি চালকরা। পরে এ বিষয়ে থানায় গেলে ৮ হাজার টাকা চিকিৎসা ক্ষতিপূরণ দিয়ে সমাধান করেন থানার ওসি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর শনিবার ও রোববার দিনব্যাপী সুবর্ণচর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পুলিশ ও উপজেলা প্রশাসন কয়েকটি বাস এবং সিএনজি আটক করে। যার মধ্যে কয়েকটিকে অর্থদণ্ড করা হয়।
ভুক্তভোগীরা জানান, সুবর্ণচরের চরবাট খাসের হাট রাস্তার মাথা থেকে সোনাপুর সিএনজি চালিত অটোরিকশা নির্ধারিত ভাড়া ৬০ টাকা। কিন্তু চালকরা যাত্রীদের কাছ থেকে নিচ্ছে ১৫০-২০০ টাকা। আট কপালিয়া বাজার থেকে ৫০ টাকার ভাড়া নিচ্ছে ১৫০ টাকা। এছাড়াও বাস কাউন্টারে চট্টগ্রামগামী বাসযাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া ৩০০ টাকার পরিবর্তে ৫৫০-৬০০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে।
এ বিষয়ে সুবর্ণচর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী সরকার নির্ধারিত ভাড়ার চার্ট প্রতিটি গাড়িতে ঝোলানো থাকবে, যেন সাধারণ মানুষ সেই চার্টগুলো দেখে ভাড়া দিতে পারে। কিন্তু অনেক গাড়িতে আমরা সেই চার্টটি পায়নি। কয়েকটি গাড়িকে অর্থদণ্ড করা হয়েছে।