দুর্নীতি দূর করতে ১০ কর্মকর্তার উইং চাওয়া ওএসডি অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলনকে তিরস্কার করেছে সরকার। গত ১ মার্চ এক প্রজ্ঞাপনে তাকে ‘তিরস্কার নামীয় লঘুদণ্ড’ দেয়া হয়েছে।
শুক্রবার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, তাকে তিরস্কার করা হয়েছে। তবে তিনি ওএসডি থাকলেও পদায়ন করা হবে।
জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রেলপথ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ও প্রকৃত দায়িত্ব পালনের ক্ষেত্র ব্যতীত তার মনগড়া, ভিত্তিহীন ও সরকারের জন্য অস্বস্তিকর বক্তব্য দিয়েছেন। সরকারি কর্মচারী হিসেবে এ বক্তব্য আচরণবিধি লঙ্ঘনের শামিল। তিনি সরকারের অতিরিক্ত সচিব পদের কর্মকর্তা বিধায় রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩ (খ) অনুযায়ী অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। তার বিরুদ্ধে আনীত অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে।
অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং অভিযোগের গুরুত্ব ও প্রাসঙ্গিক প্রশাসনিক বিষয়াদি বিবেচনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি অনুযায়ী তাকে তিরস্কার নামীয় লঘুদণ্ড দেয়া হলো।