নাটোরের লালপুর উপজেলার সেকচিলান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিডি)’র তত্ত্বাবধানে নির্মিত এই ভবনের নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং সিডিউল মোতাবেক না হওয়ায় চলমান কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবর আলী বলেন, শনিবার (১০ জানুয়ারি) সকালে স্থানীয় জনগণ নিম্নমানের কাজের প্রতিবাদ জানিয়ে তা বন্ধ করে দেয়।
তিনি বলেন, ৯২ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে ২০২০ সালের ২৪ আগস্ট বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়। শুরু থেকেই পাবনার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স প্রগতি এন্টারপ্রাইজ’ নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন। এছাড়া দরপত্র অনুযায়ী এখানে কাজ হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানিন দ্যুতি জানান, আমাকে এলাকাবাসী এবং বিদ্যালয় পরিচালনা কমিটি বিষয়টি অবগত করেছে। আমি উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দিয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।