নাটোরের বড়াইগ্রামে ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২ জুন) রাতে উপজেলার ভবানীপুর জোলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শাহানুর বেগম একই গ্রামের রাশেদ হোসের স্ত্রী।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বুধবার রাতে ভবানীপুর জোলাপাড়া গ্রামে ঐতিহ্যবাহী মাদার গান অনুষ্ঠিত হচ্ছিলো। তা দেখতে শাহানুরের পরিবারের লোকজন ওই অনুষ্ঠানে যায়। বাড়িতে একা থাকার সুযোগে তিন সন্তানের জননী ৮মাসের অন্তঃসত্ত্বা শাহানুরকে নিজ ঘরেই কে বা কারা হাত-পায়ের রগসহ গলাকেটে হত্যা করে ফেলে যায়। অনুষ্ঠান শেষে পরিবারের লোকজন বাড়ি ফিরে শাহানুরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের শ্বাশুড়ি রশেনা বেগম ও দেবর রশিদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।