ঋণখেলাপী ও ওয়ারেন্টভুক্ত আসামি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাকসুদুর রহমানকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (৯ জুন) রাত ১টার দিকে তাকে আটক করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, “মাকসুদুর রহমান দেশের অন্যতম শীর্ষ ঋণ খেলাপি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। সেই প্রেক্ষিতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বেশ কিছু চেক বই ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়।”
তিনি আরও জানান, মাকসুদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন ব্যাঙ্ক থেকে দুই হাজার ৫০০ কোটি টাকার বেশি ঋণ নিয়ে তা শোধ না করার অভিযোগ রয়েছে। এছাড়াও, বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১০টিরও বেশি মামলা রয়েছে।