পরিচয় গোপন রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই সন্তানের পিতা আব্দুর রহমানের বিরুদ্ধে। পরে অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করার সময় অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ভুক্তভোগীর পরিবার জানায়, আড়াই বছর আগে সদর উপজেলার ঝাউদি গ্রামের আব্দুর রহমান পরিচয় গোপন করে মোবাইল ফোনের মাধ্যমে ওই শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। নিজেকে অবিবাহিত দাবি করে বৃহস্পতিবার সকালে শহরের একটি আবাসিক হোটেলে শিক্ষার্থীকে নিয়ে যায় রহমান। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করে সে। সন্ধ্যার দিকে ওই শিক্ষার্থী অসুস্থ হলে ভুল তথ্য দিয়ে হাসপাতালে ভর্তি করে অভিযুক্ত।
কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুজ্জামান পাভেল বলেন, ভুল তথ্য দিয়ে শিক্ষার্থীকে ভর্তি করা হলেও ধর্ষণের শিকার শিক্ষার্থীর চিকিৎসা চলছে। তার শরীরের বিভিন্ন স্থানে ব্যথা রয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম ঘটনার প্রাথমিক সত্যতার কথা জানিয়েছেন। বলেছেন, অভিযুক্ত আটক আছে। এদিকে শুক্রবার অভিযুক্তকে আদালতে তোলা হতে পারে।