ভারতের টেলি অভিনেত্রী মানসী সেনগুপ্ত। একসময় টালিউডে নিয়মিত কাজ করেছেন। বর্তমানে মুম্বাইতে দুটি হিন্দি ধারাবাহিকের কাজে ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে খবর এলো, দাম্পত্য জীবনে সুখী নেই তিনি। পর্দার এই খল নায়িকার সংসারে বইছে ভাঙনের হাওয়া।
জানা গেছে, কাজের জন্য মুম্বাইতে থাকছেন মানসী। অন্যদিকে তার স্বামী অভিজিৎ রয়েছেন কলকাতায়। দূরত্বই তাদের সংসার ভাঙার অন্তরায়। কেননা আলাদা থাকলেও কেউ কারও প্রতি টান অনুভব করছেন না। এই দম্পতির একমাত্র কন্যা মানসীর বোনদের কাছেই বড় হচ্ছে।
প্রসঙ্গত, বর্তমানে ‘মোসে ছল কিয়া যায়ে’ ও ‘বন্নি চাও হোম ডেলিভারি’ ধারাবাহিকে খল নায়িকার চরিত্রে কাজ করছেন মানসী সেনগুপ্ত। এর আগে ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকে খল নায়িকা পায়েল সেনের ভূমিকায় পর্দায় হাজির হয়েছিলেন তিনি। সেই চরিত্রেই তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।
এছাড়াও গত বছর রাজা চন্দর ‘কাটাকুটি’ ওয়েব সিরিজে কাজ করেন মানসী। তারপর ‘উমা’-তেও দেখা যায় তাকে। পরবর্তীতে মুম্বাইয়ে কাজের প্রস্তাব পেলে সব ছেড়ে পাড়ি জমান মায়ানগরীতে।