নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার পাঁচদিন পর চিকিৎসাধীন অবস্থায় এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিউইতে তার মৃত্যু হয়।
আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাইয়ুম বলেন, ‘গত শনিবার রাত ২টার দিকে বাসায় নিজের ঘরে গায়ে কেরোসিন ঢেলে সে আগুন ধরিয়ে দেয় সে। পরে ৯৯৯ এর মাধ্যমে ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বার্ন ইউনিটে ভর্তি করে।’
পরিবারের সদস্যদের বরাতে ওসি বলেন, ‘শনিবার রাতে লেখাপড়ার জন্য মেয়েটির মা রাগারাগি করে ছোট ছেলেকে মারধর করেন। পরে অভিমান করে মেয়েটি নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়।’
মেয়েটির শরীরে ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল। ভর্তি হওয়ার পর থেকেই সে আইসিইউতে ছিল।