করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল বুধবার (৩১ মার্চ) থেকে দেশের সকল গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়া সাপেক্ষে সরকার ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার (৩০ মার্চ) নিজের সরকারি বাসভবনে ব্রিফিংয়ে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল বুধবার (৩১ মার্চ) থেকে দেশের সকল গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়া সাপেক্ষে সরকার ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া পূর্বের অবস্থায় ফিরে আসবে।
স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং শতভাগ মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের গণপরিবহনের মালিক ও শ্রমিকদের এ বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেন। তিনি করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সরকারের ১৮ দফা নির্দেশনা মেনে চলার জন্য দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জরুরি সেবাপ্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দ্বারা পরিচালনা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা এবং জনসমাগম সীমিত করার ওপর গুরুত্বারোপ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘এখন থেকে রাজধানীসহ সারা দেশে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের যে কোনো কার্যক্রম বাইরে করা যাবে না।’ স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ঘরোয়াভাবে কার্যক্রম পালনের আহ্বান জানান তিনি।