মাদারীপুর-৩ আসনের কালকিনিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
রোববার (২৪ ডিসেম্বর) রাতে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা রির্টানিং কর্মকর্তা মারুফুর রশিদ খান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে মাদারীপুরের কালকিনির লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে একটি মিছিল বের হয়। এসময় লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক ব্যাপারীর নেতৃত্বে অর্ধশতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ফজলুল হক ব্যাপারীকে প্রধান আসামি করে থানায় মামলা করা হয়।
এরপর শনিবার (২৩ ডিসেম্বর) সকালে তাহমিনা বেগমের সমর্থক এসকেন্দার খান (৭০) বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হলে ফজলুল হক ব্যাপারীর লোকজন কুপিয়ে আহত করে। ওই দিনই দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরপর দুটি ঘটনায় নির্বাচনী এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম ওসিকে প্রত্যাহার চেয়ে রির্টানিং কর্মকর্তার কাছে লিখিত দেন। পরে বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ায় প্রত্যাহারের নির্দেশ দেয় কমিশন।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জাগো নিউজকে বলেন, কালকিনি থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশনা এসেছে। এ ব্যাপারে সোমবার সকালে চিঠি পাবো। একই সঙ্গে সোমবার থানায় নতুন ওসি হিসেবে ঢাকা জেলা থেকে আব্দুল আল মামুন যোগদান করবেন।
মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মারুফুর রশিদ খান বলেন, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানকে প্রত্যাহারের নির্দেশ এসেছে। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের পর ওসিকে প্রত্যাহার করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।