আগামী মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে এবং দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজের একদিনের ম্যাচগুলোতে খেলবেন তারকা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে টেস্ট ম্যাচগুলোতে নাও খেলতে পারেন তিনি!
ক্রিকেটবিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এরপর থেকে সাকিবকে নিয়ে যথারীতি সমালোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, রঙিন পোশাকে খেলবেন সাকিব। তবে টেস্ট নিয়ে তার হয়তো ভিন্ন পরিকল্পনা আছে। দু-একদিনের মধ্যেই এ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিসিবি।
পরিপ্রেক্ষিতে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট খেলবেন না সাকিব বলে ধরে নিয়েছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। স্বভাবতই তার সমালোচনায় মেতেছেন তারা। ফলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডারের সহধর্মীনী উম্মে আহমেদ শিশির। এদিন ফেসবুকে তার একটি স্ট্যাটস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
নিজের ভেরিফায়েড পেজে শিশির লিখেছেন, ‘আপনার যত কম থাকবে, তত আপনি প্রশংসিত হবেন এবং ভালোবাসা পাবেন। কিন্তু আপনার যত বেশি থাকবে, তত আপনি কম প্রশংসিত হবেন এবং সবাই ঘৃণা করবে। ‘
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, প্রোটিয়াদের মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শেষ হবে ২৪ মার্চ। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেবেন সাকিব। যদি আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি আসন্ন আইপিএলের মেগা নিলামে তাকে কোনও দল কিনে নেয়। সবকিছু ঠিক থাকলে মাল্টি মিলিয়ন ডলারের এই টুর্নামেন্টের পর্দা উঠবে ২৭ মার্চ।
এর আগে গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেননি সাকিব। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, আগামী ৮ থেকে ২৩ মে পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। ওই সময়েও তাকে দলে পাওয়া যাবে না।
তবে বিসিবি ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলবেন সাকিব। তবে স্বাগতিকদের বিপক্ষে টেস্টে খেলার বিষয়টি নিশ্চিত করেননি তিনি। কিন্তু ইতোমধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলার কথা জানিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার।
২০২২ আইপিএল নিলামে উঠতে যাওয়া সংক্ষিপ্ত ৫৯০ জন ক্রিকেটারের চূড়ান্ত তালিকায় আছেন সাকিব। টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ কার্যকর তিনি। ফলে বেঙ্গালুরুতে হতে যাওয়া জমকালো প্লেয়ার্স ড্রাফটে তার ওপর পাখির চোখ করতে পারে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। ফলে কোনও দল তাকে নিলে অতীতের মতো টেস্ট নাও খেলতে পারেন ৩৪ বছর বয়সী ক্রিকেটার।