করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঠে ফিরছে আগামী সেপ্টেম্বরে। রবিবার (২৫ জুলাই) এই ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টের বাকি অংশের সূচি প্রকাশ করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের দ্বিতীয় ও শেষ অংশের পর্দা নামবে আগামী ১৩ অক্টোবর।
করোনায় ভারতের টালমাটাল অবস্থার কারণেই দেশের বাইরে আইপিএল আয়োজন করতে হচ্ছে আয়োজকদের। শুধু আইপিএল নয়, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপও ভারতের বদলে অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। দেশটির ক্রিকেট বোর্ডের আশা, ঠিক টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হওয়াতে আইপিএলের দ্বিতীয় পর্যায়ে বেশিরভাগ বিদেশি খেলোয়াড়ই থাকতে পারবেন।
আইপিএলের বাকি অংশ শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। ওইদিন মুখোমুখি হতে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। ৮ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচ হবে অনুষ্ঠিত হবে। প্রথম কোয়ালিফায়ার হবে ১০ অক্টোবর। ইলিমিনেটর হবে ১১ অক্টোবর। ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এরপর আগামী ১৫ অক্টোবর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।
প্রথম পর্বে ভারতে অনুষ্ঠিত হয়েছিল ২৯টি ম্যাচ। এরপর একাধিক ক্রিকেটার-স্টাফ করোনায় আক্রান্ত হলে এক প্রকার বাধ্য হয়েই আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। দ্বিতীয় পর্বে তাই ২৭ দিনে মাঠে গড়াতে হবে বাকি থাকা ৩১ ম্যাচ। দ্বিতীয় পর্বে সর্বোচ্চ ১৩ ম্যাচ মাঠে গড়াবে দুবাইতে। শারজায় হবে ১০টি ম্যাচ এবং আবুধাবিতে হবে ৮ ম্যাচ। নকআউট পর্বের কোন ম্যাচ আবুধাবি না পেলেও দুটি করে নকআউট ম্যাচ পেয়েছে দুবাই এবং শারজা।