বাবার কাছে বায়না ছিল, ঈদের আগে আইফোন এবং আর ওয়ান ফাইভ ব্র্যান্ডের মোটরসাইকেল কিনে দেয়ার। কিন্তু তা না দেয়ায় স্বাগতম চৌধুরী (২১) নামে একমাত্র ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (২৯ এপ্রিল) ভোরের দিকে ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার হরিজন সেবা পল্লীতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রাত ৮টায় মুক্তাগাছা পৌর মহাশশ্মানে যুবকের সৎকার সম্পন্ন করা হয়।
নিহত স্বাগতম চৌধুরী মুক্তাগাছা থানার সুইপার অনিল চৌধুরীর ছেলে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আত্মহত্যার আগে মৃত্যুর কারণ উল্লেখ করে দুই পাতার একটি চিরকুট লিখে রেখে গেছেন স্বাগতম। চিরকুট থেকে জানা যায়, ঈদের আগে বাবার কাছে একটি আর ওয়ান ফাইভ মোটরসাইকেল এবং একটি আইফোন কিনে দিতে বলেছিল। কিন্তু বাবা অনিল চৌধুরী তা কিনে দেয়নি। আর এতেই তিনি অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
ওসি জানান, এসএসসি পরীক্ষায় ফেল করে গত কয়েক বছর ধরে স্বাগতম বাবার সঙ্গে থানা ও পুলিশ লাইনে কাজ করতেন।
স্বাগতমের বাবা অনিল চৌধুরীর পেশায় সুইপার হলেও সম্পদে কোটিপতি। নগরীর পৌর শহরে দুইতলা বাড়ি রয়েছে।
বাবা অনিল চৌধুরী বলেন, স্বাগতম আমার কাছে মোটরসাইকেল ও আইফোন চেয়েছিল। বলেছিলাম- ব্যাংক বন্ধ ঈদের পর এক ব্যবস্থা করে কিনে দেব। কিন্তু ছেলে আমার তা মানেনি। অভিমান করে রান্না ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলো।
আক্ষেপ করে তিনি বলেন, পরিবারের একমাত্র ছেলে আমার। সবই শেষ হয়ে গেলো এখন।