ঘরের মাঠে আয়ারল্যান্ড উল্ভসের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ ইমার্জিং দল। সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয় সফরকারী দলের একজন কোভিড সনাক্ত হওয়ায়। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও চতুর্থ ম্যাচে জয় পেয়ে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে শুক্রবার মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে মাঠে নামে ইমার্জিং টাইগাররা।
ম্যাচটা ছিল আইরিশদের সিরিজ বাঁচানোর কিন্তু ইমার্জিং টাইগারদের দুর্দান্ত পারফর্মের কাছে সিরিজ হারতে হয়েছে। বল হাতে সুমন খানের তোপের পর ব্যাট হাতে মাহমুদুল হাসান ও তৌহিদ হৃদয়য়ের অনবদ্য ব্যাটিংয়ে ৮ উইকেটের জয়।
সকালে বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক সাইফ হাসান টস জিতে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় সফরকারীদের।
ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে সফরকারীরা। স্টিফেন ধোহেনিকে ১৪ রানে ফেরান পেসার মুকিদুল ইসলাম। এরপর আরেক ওপেনার জার্মি ললরকে ১৬ রানে বিদায় করেন সুমন খান।
আইরিশ অধিনায়ক হ্যারি টেক্টরকে রানের খাতা খোলার আগেই বিদায় করেন সুমন। এরপর মার্ক আদিরের ৪০, রুহান প্রিটোরিয়াসের ৩৫, গ্রাহাম হুনের ২৯ ও লরকান টাকারের ২৪ রানের ইনিংসে ভর করে সব উইকেট হারিয়ে ১৮২ রান তুলে।
বাংলাদেশ ইমার্জিংয়ের হয়ে ৪ উইকেট নেন পেসার সুমন খান এবং ২টি করে উইকেট নেন মুকিদুল ইসলাম, রাকিবুল হাসান ও শামিম পাটওয়ারি।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার তানজিদ হোসেন সাজঘরে ফেরেন ২ রান করে। দুই নম্বরে ব্যাট করতে নেমে ইয়াসির আলীও ফেরেন ২ রানেই।
বিপাকে পড়া দলকে টেনে তুলেন মাহমুদুল হাসান ও তৌহিদ হৃদয়। দুইজনের এই চেষ্টা শেষ পর্যন্ত ম্যাচটাই জিতিয়ে দেয়। তৌহিদ ৮৮ ও জয় খেলেন অপরাজিত ৮০ রানের ইনিংস।