রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে যাওয়া আঙ্গুরা নামের ওই নারীর সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় ওই নারীর সন্ধান পায় হাসপাতাল কর্তৃপক্ষ।
পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ওই নারীর বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শহীদুল ইসলাম রবিন।
তিনি জানান, পালিয়ে যাওয়া আঙ্গুরা বেগম জ্বর, সর্দি-কাশিসহ করোনার বিভিন্ন লক্ষণ নিয়ে সোমবার সকালে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসেন। তার শারীরিক অবস্থা বিবেচনা করে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
এ সময় এক্স-রে রিপোর্টে ফুসফুসে সংক্রমণ থাকায় তার করোনা অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ আসলে আঙ্গুরা বেগমকে চিকিৎসাসেবা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে রাখা হয়।
সেখান থেকে তিনি সোমবার সন্ধ্যার আগে কাউকে কিছু না জানিয়ে পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির পরে মঙ্গলবার সন্ধ্যায় তাকে তার নিজ বাড়িতে পাওয়া যায়। এ সময় তাকে হাসপাতালের আইসোলেশন সেন্টারে নিয়ে আসা চেষ্টা করা হলে তিনি হাসপাতালে আসতে অপারগতা প্রকাশ করেন।
পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আঙ্গুরা বেগমের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়। এর পর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ হাসপাতাল কর্তৃপক্ষ আঙ্গুরা বেগমকে খাবারসহ সব ধরনের সহযোগিতা প্রদান করেন।