চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটে হারিয়ে রীতিমতো বিশ্বজয়ের আনন্দ পাচ্ছে পাকিস্তান। চারদিক থেকে আসতে থাকা প্রশংসা-অভিনন্দনের মাঝেই আরও একটি প্রতিশোধের ম্যাচ বাবর আজমদের সামনে। একদিনের ব্যবধানে খেলতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। শারজাহতে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই ম্যাচটি।
ভারতের সঙ্গে দ্বন্দ্বটা সেই আদিতে শুরু হলেও নিউজিল্যান্ডের সঙ্গে বিবাদটা সাম্প্রতিক। ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে ‘উদ্ভট’ কারণ দেখিয়ে কিউইদের সফরে বাতিলের নমুনা লজ্জার এক উদাহরণ সৃষ্টি করে ক্রিকেট ইতিহাসে। এতে যে কেবল পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতিই বিঘ্নিত হয়েছে তা নয়, দেশের মাটিতে ক্রিকেট ফেরানোর যে প্রক্রিয়া চলমান ছিলো, তাও ভেঙে পড়ে।
নিউজিল্যান্ডের প্রতি তাই পাকিস্তানের ক্ষোভ থাকাটা স্বাভাবিক। বিশেষ করে, দেশটির ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সাবেক ক্রিকেটার- সবাই তো আগে থেকেই এই ম্যাচ নিয়ে প্রকাশ্য হুমকি দিয়ে রেখেছে।
ভারতের বিপক্ষে পাওয়া ১০ উইকেটের জয় তাই বেশ আত্মবিশ্বাস জোগাবে বাবর আজমদের। দুর্দান্ত বোলিং আক্রমণ আর শক্তিশালী ব্যাটিং লাইন আপে পাকিস্তান এবারের আসরের অন্যতম ফেভারিট দল।
আরও পড়ুনঃ ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই চান শোয়েব
যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ দেখায় পাকিস্তানের বিপক্ষে শেষ হাসি হেসেছিল কেন উইলিয়ামসনরাই। এছাড়া আইসিসি ইভেন্টে দলটির ধারাবাহিকতা এগিয়ে রাখছে উইলিয়ামসনদের। কিউইদের প্রধান অস্ত্র তাদের বৈচিত্র্যময় বোলিং আক্রমণ।
লকি ফার্গুসন,কাইল জেমিসনের সঙ্গে অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট-টিম সাউদিকে নিয়ে পেস এটাকের সঙ্গে ইশ সোধি আর মিচেল স্যান্টনারের স্পিন ভোগাতে পারে পাকিস্তানকে।
সম্ভাব্য একাদশ
পাকিস্তান
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, হাসান আলি, হারিস রউফ
নিউজিল্যান্ড
মার্টিন গাপটিল, টিম সেইফার্ট (উইকেটকিপার), কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ড্যারিয়ের মিচেল, লোকি ফার্গুসন, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।