মঙ্গলবার (৬ জুলাই) রাতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।
নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের হয়ে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন রশিদ। তার বিচারেই ওই লেগ স্পিনারকে আফগান টি-২০ দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছে বলেও জানানো হয়।
সামনেই সংযুক্ত আরব আমিরাতে ও ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে ‘বি’ গ্রুপে রয়েছে আফগানিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ভারত এবং দক্ষিণ আফ্রিকার মতো হেভিওয়েটরা। খুব বড় অঘটন না ঘটলে সেখানে আফগান দলকে নেতৃত্ব দেবেন রশিদই।
এর আগেও আফগানিস্তানের অধিনায়ক ছিলেন রশিদ খান। ২০১৯ সালে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়েই অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় তাকে। কিন্তু নেতৃত্বের কারণে প্রভাব পড়েছে তার পারফরম্যান্সে। অধিনায়কের ভূমিকা থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। এবার সেই রশিদ খানই নিজের কাঁধে দায়িত্ব নিলেন আফগান দলের।
ফের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত রশিদ খান। টুইটারে একটি পোস্ট করে ঘূর্ণিজাদুকর লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, একজন অধিনায়ক ঠিক ততটা ভালো, যতটা তার দল ভালো হয়। আফগানিস্তানের জন্য আমি রশিদ খান হয়েছি। আর এখন নিজের দেশ এবং দলের জন্য কিছু করাটা আমার দায়িত্বের মধ্য পড়ে। আমার ওপর বিশ্বাস আর ভরসা রাখার জন্য এসিবিকে ধন্যবাদ। এটা একটা স্বপ্নের সফর হতে চলেছে এবং সমর্থকরা এই সাফল্য পাওয়ার চাবিকাঠি।’
এখনও পর্যন্ত আফগানিস্তানের হয়ে মোট ৫টি টেস্ট, ৭৪টি একদিনের ম্যাচ এবং ৫১টি টি-টোয়েন্টি খেলেছেন রশিদ খান। এই তিন ফরম্যাটে তিনি যথাক্রমে ৩৪টি, ১৪০টি এবং ৯৫টি উইকেট পেয়েছেন।