আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মী ও সাবেক সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
নিমাত রাওয়ান আফগানিস্তানের সর্ববৃহৎ বেসরকারি টেলিভিশন টোলোনিউজের সাবেক সংবাদ উপস্থাপক।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র জামাল নাসের জানান, বৃহস্পতিবার সকালে নিমাতকে গুলি করে হত্যা করা হয়। তিনি আরও বলেন, ‘আমরা এ বিষয়ে তদন্ত শুরু করেছি।’
কোনও সংগঠন এখনও এই হত্যার দায় স্বীকার করেনি। তবে সরকারি কর্মকর্তা ও পশ্চিমা শক্তিগুলো এ ধরণের সহিংসতার জন্য তালেবানদের দায়ী করে আসছে। তাদের মতে, বড় ধরণের ক্ষয়ক্ষতি না করে ভীতি ছড়ানোর জন্য তালেবানরা এই পদ্ধতি ব্যবহার করে।
আফগানিস্তানে গত কয়েক মাস ধরে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিচারকদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
দেশটিতে সহিংসতা ক্রমাগত বেড়েই চলছে। সরকারি নিরাপত্তাকর্মী ও তালেবানদের মধ্যে প্রতিদিনই সংঘর্ষের ঘটনা ঘটছে। ২০০১ সালে উৎখাত হওয়ার পর থেকে তালেবানরা আফগানিস্তানের কথিত ‘বিদেশি মদদপুষ্ট’ সরকারকে উৎখাত করার চেষ্টা অব্যাহত রেখেছে।
দীর্ঘ ২০ বছর অবস্থানের পর আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো বাহিনী প্রত্যাহার শুরু হয়েছে। এর মধ্যেই বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলের প্রদেশ বাগলানের আরো একটি জেলা দখল করে নিয়েছে তালেবান। এর ফলে বাগলানের দুটি জেলা এখন তালেবানের দখলে।
গাজনি প্রদেশে রাতের বেলা তালেবানদের হামলায় ছয়জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
আফগান সরকার জানায়, গত ২৪ ঘণ্টায় অন্তত ২৬টি প্রদেশে তালেবানদের হামলায় ৫০ জনেরও বেশি নিরাপত্তা কর্মী নিহত ও আহত হয়েছেন। এছাড়া নিরাপত্তাকর্মীদের হাতে কয়েক ডজন তালেবান সদস্য নিহত হয়েছেন।
মার্কিন সেনা প্রত্যাহারের ফলে আফগানিস্তানে তালেবানরা আবার ক্ষমতা দখল করতে পারে বলে ধারণা করা হচ্ছে।