২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আবারও বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বিলম্ব ফি ছাড়া আগামী ২৩ জুন পর্যন্ত ফরম পূরণ করা যাবে। তবে এ সময় আর বাড়ানো হবে না বলেও শিক্ষা বোর্ড জানিয়েছে।
বুধবার (১৬ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরম পূরণের সময় ১৫ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুন পর্যন্ত। বিলম্ব ফিসহ ফরম পূরণের বিজ্ঞপ্তি আর প্রকাশ করা হবে না।
এ সময়ের মধ্যে ফরম পূরণের সব কাজ সম্পন্ন করতে হবে। ফরম পূরণের অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বোর্ড থেকে।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৪ এপ্রিল বিধিনিষেধ জারি করে সরকার। এর মধ্যেই চলছিল এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। পরে বিষয়টি নিয়ে আপত্তি তোলেন শিক্ষক, শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষ।
এরই পরিপ্রেক্ষিতে ৫ এপ্রিল ফরম পূরণ কার্যক্রম স্থগিত করে ঢাকা শিক্ষা বোর্ড। বিধিনিষেধ কিছুটা শিথিল করায় ওই সময় বাদপড়া শিক্ষার্থীদের সুযোগ দিয়ে গত ২২ থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করার সুযোগ দেওয়া হয়।