এপার-ওপার দুই বাংলাতেই বেশ জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত ক’বছর ধরে বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও সাফল্যের সঙ্গে কাজ করছেন তিনি। আর কাজের স্বীকৃত স্বরূপ অর্জন করছেন পুরস্কারও।
জয়া আহসান এবার কলকাতার সিনেমা সাংবাদিকদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ পুরস্কার পেয়েছেন। ‘সিনেমার সমাবর্তন’ শিরোনামের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। ‘বিনি সুতোয়’ সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন নায়িকা। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী।
অভিনেত্রী কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সেরা অভিনেত্রীর এই পুরস্কার সম্মানিত করেছে আমাকে। আমাকে এই পুরস্কার দেয়ার জন্য জুরি বোর্ডকে ধন্যবাদ। আর ধন্যবাদ অতনু দা এবং ‘বিনি সুতোয়’ সিনেমার পুরো টিমকে, আমার প্রতি তাদের আস্থা রাখার জন্য।
জয়া আহসান ও আয়োজক কর্তৃপক্ষ
পরিচালক অতনু বিশ্বাসের ‘বিনি সুতোয়’ সিনেমাটিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। সিনেমাটি বাংলাদেশেও মুক্তি পেয়েছে।
প্রসঙ্গত, জয়া আহসান এর আগে ২০১৮ সালে ‘বিসর্জন’ এবং ২০২১ সালে ‘বিজয়া’ ও ‘রবিবার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে ভারতের ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন।