ফ্রেঞ্চ কাপে পিএসজি ১-০ গোলে জিতেছে কাঁ-এর বিপক্ষে। তবে এই ম্যাচ ছাপিয়ে আলোচিত নেইমারের ইনজুরিতে মাঠ ছাড়া।
নেইমারের কান্না আর মাঠ ছেড়ে বের হয়ে যাওয়ার দৃশ্য এখন চিরচেনা। প্রতিপক্ষের ট্যাকলতো আছেই। সঙ্গে কিছুটা আবেগের আতিশায্য। কিন্তু এবারের ইনজুরি ফুটবলপ্রেমীদের দুশ্চিন্তা বাড়িয়েছে।
কেননা এ মৌসুমে মেসি-রোনালদো দ্বৈরথ দেখা হয়নি। এবার কি তবে মেসি-নেইমার প্রতিদ্বন্দ্বিতাও মিস হবে? আর মাত্র পাঁচদিন পর যে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনে বার্সেলোনা-পিএসজি ম্যাচ।
ফ্রেঞ্চ কাপে কাঁ-এর বিপক্ষে রাউন্ড সিক্সটি ফোরের ম্যাচে পিএসজি অবশ্য ঠিকই জিতেছে। সেখানেও নেইমারের অবদান। বা প্রান্ত থেকে তার ক্রসেই ময়েস কিন জয় নিশ্চিত করেন ফরাসী চ্যাম্পিয়নদের।