শোয়েব-সানিয়ার দাম্পত্য জীবনে বৃহস্পতি এখন তুঙ্গে। তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান ইজহান মির্জা। এই রাজপুত্রকে ঘিরে দুজনের উচ্ছ্বাসের শেষ নেই।
প্রায়ই স্বামী ও সন্তানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে থাকেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া। ১২ এপ্রিল ইনস্টাগ্রামে সানিয়ার একটি টুইট বেশ আলোচিত হচ্ছে। যেখানে তিনি লিখেছেন, আরও বহু বছর তোমায় জ্বালিয়ে যাব।
সানিয়াকে একটু বেশিই ভালোবাসেন শোয়েব। কিন্তু মাঝেমধ্যে এমন ভুল করে বসেন যা সানিয়াকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়।
গত ১২ এপ্রিল ছিল শোয়েব-সানিয়ার ১১তম বিয়েবার্ষিকী। ২০১০ সালের ১২ এপ্রিল ভারত-পাকিস্তানের জাতিগত বিদ্বেষ ভুলে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ জুটি। এরপর থেকে গত ১১ বছরে সুখে-শান্তিতেই সংসার করছেন এ দম্পতি।
তবে এর পেছনে যে সানিয়ার অনেক বড় অবদান, তা না বললেই নয়। কেননা বিবাহবার্ষিকীর মতো বড় বিষয় প্রতিবারই ভুলে যান মালিক। তবু সেটিকে মানিয়ে নেন সানিয়া। বরাবরের মতো এবারও ১২ তারিখের বদলে ১৩ তারিখে সানিয়া বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন শোয়েব।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক সংক্ষিপ্ত বার্তায় শোয়েব লিখেছেন, ‘ওপস! ভুলের কারণে ভুল হয়ে গেল। প্রতিবারের মতো এবারও একদিন পর শুভেচ্ছা জানাচ্ছি। তোমাকে ভালোবাসি সানিয়া মির্জা।’
শোয়েব মালিক ভুলে গেলেও, সানিয়া মির্জা মোটেও ভুলেননি নিজেদের বিবাহবার্ষিকী। তিনি ১২ তারিখেই পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। যেখানে নিজেদের দুইটি ছবি দিয়ে লিখেছেন, ‘যদি সবাই বলে মোটু ও পাতলু, তবু ভালো-খারাপের মধ্য দিয়েই আমার মূল শক্তিকে শুভ বিবাহবার্ষিকী। আরও অনেক বছর তোমাকে জ্বালিয়ে যাব, ইনশাআল্লাহ্! ১১ বছর!!!’