কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ‘All the Prime Minister’s Men’ প্রতিবেদনটি অসৎ উদ্দেশে নির্মিত। প্রতিবেদনে সাজানো, ভিত্তিহীন ও বাংলাদেশ বিরোধী বক্তব্য প্রচার করা হয়েছে বলে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, যখন বাংলাদেশে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে তখনই কতিপয় কুচক্রী মহল বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশকে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনাকে প্রশ্নবিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের সাথে গভীর সম্পর্কের কারণে রাজনৈতিকভাবে আল জাজিরা যুদ্ধাপরাধীর বিচার ও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে শুরু থেকে বাংলাদেশ সম্পর্কে উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আসছে।
তারই ধারাবাহিকতায় গত ২ ফেব্রুয়ারি প্রচারিত ভিডিওচিত্রে বাংলাদেশ সম্পর্কে যে তথ্য উপস্থাপন করেছে তা দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের পরিকল্পনা মাত্র।