ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মনির (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছে শিশুসহ আরও দুইজন।
আজ সোমবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শশীভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
এর আগে সকাল ৮টায় প্রথম ধাপের ২০৪ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়।
এরদিকে ইতোমধ্যেই ভোলার চরফ্যাশন উপজেলার ৫টি এবং বোরহানউদ্দিন উপজেলার একটি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
অন্য ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে ২৫ জন, পুরুষ সদস্য পদে ৪ শত ৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১ শত ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা সকাল থেকেই ভোট কেন্দ্রে এসে হাজির হয়েছেন। তবে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এর আওতায় বিভিন্ন কেন্দ্রে র্যাব, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত আছে।
সূত্র; নিউজ হান্ট