পাবনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি নদীর দুই পাড়ের বসতি উচ্ছেদেরে প্রতিবাদে কাফনের কাপড় পড়ে অবস্থান কর্মসূচি ও অনশন প্রদর্শন করেছে দুই পাড়ের বাসিন্দারা।
সোমবার (২৯ মার্চ) সকালে পাবনা প্রেসক্লাবের সামনে তারা এই কর্মসূচী পালন করেন। এ সময় তাদের এখানে অবস্থানের স্বপক্ষে বৈধ কাগজপত্র রয়েছে, তারা এখানে জমি কিনেছেন ও দীর্ঘদিন প্রশাসনকে খাজনা দিয়েছেন বলে উল্লেখ করেন। ফলে উচ্ছেদ করলে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে প্রশাসনের প্রতি আহবান জানান।
বক্তারা বলেন, সিএস দিয়ারা পেটি (১৯৩৬), এস এ (১৯৬২), আর এস (১৯৮৫) ও বিএস (২০১৫) রেকর্ড বৈধ বসতিদের আবেদন ও প্রার্থিত ব্যাখ্যা মহামান্য হাইকোর্ট থেকে নিষ্পত্তি না হওয়া সত্যেও জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পুনরায় বসতবাড়ি ভাঙা ও উচ্ছেদের চেষ্টা অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন তারা।
ইছামতি নদীর পাড়ে বসতকারী বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটির ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তব্য দেন মাসুদুর রহমান মিন্টু, এড. আবুল কালাম আজাদ, পাভেল হাসান জাহাঙ্গীর, পৌর কাউন্সিলর আমিনুর রহমান বাদল প্রমুখ।