শরীয়তপুরে ইটবাহী ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরবাইকের আরোহী বিজয় দাস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক আরোহী।
বুধবার সকাল পৌনে ৯টায় পালং উত্তর বাজার অটোস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। ঘাতক ট্রলি, ট্রলির চালক ও হেলপারকে আটক করেছে পালং থানা পুলিশ।
নিহত বিজয় শরীয়তপুর টাইলস সিটির ম্যানেজার পদে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। আহত হাবিবুরও একই প্রতিষ্ঠানে মার্কেটিং সেলস পদে চাকরি করেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।
পালং মডেল থানার ওসি মো. আসলাম উদ্দিন বলেন, ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। আহত হাবিবুরকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ওসি জানান, ট্রলিচালককে আটক ও ট্রলি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।