লোভনীয় অফার দিয়ে গ্রাহক প্রতারণার দায়ে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। একই সঙ্গে প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশনের পক্ষ থেকে আলাদা তদন্তও করা হচ্ছে। প্রতিবেদন হাতে পেলেই মামলার রায় ঘোষণা করা হবে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান কমিশনের চেয়ারম্যান মফিজুল ইসলাম।
লোভনীয় অফারের ফাঁদে ফেলে গ্রাহক প্রতারণা, অর্থ আত্মসাতের মামলায় বর্তমানে কারাগারে রয়েছে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরীন।
এবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নতুন মামলার কথা জানাল বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। কমিশন বলছে, ২০২০ সালে ১২ আগস্টে প্রচারিত ঈদ ধামাকা অফার নিয়ে বিজ্ঞাপন প্রচার করে ইভ্যালি। যেখানে পণ্যক্রয়ে ৮০ শতাংশের বেশি মূল্যছাড় দেয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি। এই বিজ্ঞাপনের সূত্র ধরে তদন্তে নেমে গ্রাহক প্রতারণার বিষয়টি নিশ্চিত হয় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
কমিশনের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম বলেন, ইভ্যালির ঈদ ধামাকা অফার দেখে আমার মনে হলো এটা কী করে সম্ভব? কিভাবে একটা বাইক অর্ধৈক দামে বিক্রি করে তারা। বিষয়টি নিয়ে আমি কমিশনের আলাপ করলাম। ১২ আগস্টে তারা বিজ্ঞাপন প্রচার করে। ২৫ আগস্টে আমরা ব্যবসায়িক সব ধরনের তথ্য চেয়ে ইভ্যালি ও ই-ক্যাবকে চিঠি দেই। তারা কিছু তথ্য দিয়েছে। কিছু তথ্য দেয়নি। এসব তথ্য যাচাই-বাছাই স্বপ্রণোদিত হয় ইভ্যালির বিরুদ্ধে মামলা করার কথা জানান মফিজুল ইসলাম।
এ সময় তিনি আরও বলেন, শুধু ঈদ ধামাকা অফার নয়; বরং তাদের আরও লোভনীয় অফারের খোঁজ পাই আমরা। যেসব বিষয়ে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তবে আশ্চর্যের বিষয় এখন পর্যন্ত ইভ্যালি নিয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করতে আসেনি।
ই-কমার্স প্রতিষ্ঠানের অফারের আড়ালে গ্রাহকদের সচেতন হওয়ার তাগিদ দেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান। একই সঙ্গে এখন থেকে কোনো ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে গ্রাহককে তা প্রতিযোগিতা কমিশনকে জানানোর পরামর্শ দেয়া হয়।