নোয়াখালীতে এক গৃহবধূকে (৩২) প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও মোবাইলে নগ্ন ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৩ জুলাই) সকালে তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মোরশেদ আলম রুবেল (৩৫)। তিনি সোনাইমুড়ী উপজেলার আটিয়া বাড়ি এলাকার আবদুল মন্নানের ছেলে।
পুলিশ জানায়, গত ৫ মাস আগে লক্ষ্মীপুরের ওই গৃহবধূর সঙ্গে ইমোতে পরিচয় হয় রুবেলের। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের সূত্র ধরে গত কয়েকদিন আগে ওই নারীকে প্রলোভন দেখিয়ে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর একটি হোটেলে নিয়ে আসে রুবেল। পরে ওই হোটেল তাকে ধর্ষণ এবং পরে নিজের মোবাইলে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করে রুবেল। পরবর্তীতে ওই নগ্ন ভিডিও রুবেল প্রথমে ভুক্তভোগীর মোবাইলে পাঠায় এবং পরে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে। নগ্ন ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে ওই গৃহবধূ রুবেলকে ৮৫ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের কানের দুল ও একটি চেইন দেয় কিন্তু এরপরও আরও টাকার দাবি করতে থাকে রুবেল।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারীর কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। শুক্রবার (২২ জুলাই) বিকেলে অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়।