মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে বিপুল পরিমানে নিষিদ্ধ কারেন্ট জালসহ বেশ কয়েকটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। তবে কোন জেলেকে আটক করা যায়নি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিবের নেতৃত্বে কোস্টগার্ড, নৌ পুলিশ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য বিভাগের কর্মকর্তাবৃন্দ অভিযানে অংশ নেয়।
বড়স্টেশন মোলহেড থেকে শুরু করে পুরানবাজার, বহরিয়া, হরিণা ফেরিঘাটসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও বেশ কয়েকটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
গত ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচি চলছে। এসময় ইলিশ বিচরণ করে উপকূলের এমন ১৯টি জেলার নদনদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে বিক্রয়, পরিবহণ ও মজুদ নিষিদ্ধ করা হয়েছে।