অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া ও তার স্বামীসহ ৫ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়া প্রতিষ্ঠানটির চীফ অপারেটিং অফিসার আমান উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। অপর আসামিরা হলেন- আমানউল্ল্যাহ, বিথী আক্তার, কাউসার আহমেদ।
এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির ৫ কর্মকর্তাসহ সব মালিকদের আসামি করে মামলা করেন গ্রাহকরা। মামলায় ১১০০ কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাতের কথা উল্লেখ করেন ভুক্তভোগীরা।
মামলায় অর্থ আত্মসাৎকারী হিসেবে যেসব আসামির নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- মাসুকুর রহমান, আমানউল্ল্যাহ, বিথী আক্তার, কাউসার আহমেদ, সোনিয়া মেহজাবিনসহ ই-অরেঞ্জের সব মালিক।
পরে গুলশান থানায় করা মামলায় জামিন নিতে গিয়ে কারাগারে যান প্রতিষ্ঠানটির মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান।