শেরপুর: ভালবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে কারিতাসের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২৩সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারমারী মিশন চত্বরে উৎসবের আমেজে রঙিন হয়ে উঠে।
শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবরদী, জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা (জোন-৩) এর সুবর্ণ জয়ন্তী নানা কর্মসুচীর মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন, মোমবাতি প্রজ্জলনের পর কোরআন তেলাওয়াত, বাইবেল ও গিতা পাঠ করা হয়।

কারিতাসের ময়মনসিংহের আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল ইসলাম।
বিশেষ অতিথির মাঝে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস চিরান,অন্যান্য অতিথির মাঝে শ্রীবরদী পৌরমেয়র মোহাম্মদ আলী লাল, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, আদিবাসী নেত্রী ক্লোডিয়া নকরেক কেয়া, যোশেফ চিসিম, ফিদেলিস নেংমিনজা, ফাদার তরুন বনোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

কারিতাসের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন কারিতাসের প্রোগ্রাম ম্যানেজার দুলেন আরেং।

অনুষ্ঠান শেষ পর্বে স্মৃতিচারণ, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।