বাইডেন শাসনামল শুরু হতে না হতেই উত্তর কোরিয়া আর মার্কিন দ্বন্দ্ব বাড়তে শুরু করেছে। একে অপরকে একের পর এক হুমকি-ধামকি দিয়ে চলেছে দেশ দুটি। জবাব-পাল্টা জবাবে উত্তপ্ত পরিস্থিতির জন্ম দিচ্ছে দেশ দুটি।
তারই ধারাবাহিকতায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন হুমকি দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আজ রাতেই যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে আমেরিকা।
দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা সামরিক মহড়া শুরুর পর উত্তর কোরিয়া সমালোচনা করলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে এই হুমকি দিয়েছেন।
ওই সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার সঙ্গে এ ধরনের সামরিক মহড়া অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা করেন।
এর আগে গত মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন মার্কিন প্রশাসনকে হুঁশিয়ার করে বলেছিলেন, তারা প্রথম পদক্ষেপে নিন্দনীয় কাজ করেছেন। যদি আগামী চার বছর তারা শান্তিতে ঘুমাতে চায় তাহলে তাদের এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করা উচিত।
সে সময় কিম জং উনের বোন এবং উপদেষ্টা কিম ইয়ো জং আরো বলেছিলেন, যুদ্ধ মহড়া ও শত্রুতার সঙ্গে সংলাপ এবং সহযোগিতা পাশাপাশি চলতে পারে না।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার চলমান সামরিক মহড়াকে উত্তর কোরিয়া আগ্রাসনের অনুশীলন বলে উল্লেখ করেছে।