খ্রিস্টান ধর্মাবলম্বীরা একটি শর্তে তাদের ধর্মীয় প্রকাশনা আল্লাহ শব্দ ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে কোনও প্রকাশনার প্রথম পাতায় ‘শুধু খ্রিস্টানদের জন্য’ এমন কথা লেখা থাকবে হবে। মালয়েশিয়ার হাইকোর্ট এক আদেশে এ কথা জানিয়েছে।
এর আগে আদালত এক আদেশে জানিয়েছিল যে, দেশটির খ্রিস্টানরা তাদের কোনও প্রকাশনায় চারটি আরবি শব্দ ব্যবহার করতে পারবে। ৯৬ পৃষ্ঠার লিখিত রায়ে বিচারপতি নুর বি আরিফিন বলেছেন, দেশটির খ্রিস্টানরা ১৯৮৬ সালের সরকারি নীতি অনুসারে কেবল শিক্ষামূলক উদ্দেশ্যে তাদের ধর্মীয় প্রকাশনায় আল্লাহ, বায়তুল্লাহ, কাবা এবং সালাত শব্দ ব্যবহার করতে পারবে।
বিচারপতি আরিফিন বলেন, তৎকালীন উপপ্রধানমন্ত্রী আব্দুল গাফার বাবার লেখা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠির ভিত্তিতে ১৯৮৬ সালের মে মাসে এই নীতি গ্রহণ করা হয়। তিনি বলেন, উপপ্রধানমন্ত্রী চিঠিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে, ১২টি শব্দ শর্তহীনভাবে ব্যবহার করা যাবে। কেবল এই চারটি শব্দ (আল্লাহ, বায়তুল্লাহ, কাবা এবং সালাত) ব্যবহার করা যাবে না।
মালয়েশিয়া হাইকোর্টের এই বিচারপতি বলেন, তবে শর্তসাপেক্ষে তাৎক্ষণিকভাবে এই চার শব্দ ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে এটা মনে রাখতে হবে কোনও বইয়ের প্রথম পাতায় ‘কেবল খ্রিস্টানদের জন্য’ এমন কথা লেখা থাকতে হবে।
তবে একই বছরের ৫ ডিসেম্বর এই চারটি শব্দ খ্রিস্টানদের ব্যবহারের ক্ষেত্রে পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জন নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা হুমকির মুখে পড়তে পারে এছাড়া মালয়েশিয়ানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারা ছাড়াও মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে কোনও রকমের ভুল বোঝাবুঝি এড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
উল্লেখ্য, গত ১০ মার্চ আদালত এক রায়ে বলেন, মালয়েশিয়ার খ্রিস্টানরা শিক্ষামূলক উদ্দেশ্যে তাদের ধর্মীয় প্রকাশনায় আল্লাহ, বায়তুল্লাহ, কাবা এবং সালাত শব্দ ব্যবহার করতে পারবে। কিন্তু গত সোমবার সরকার হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল কোর্টে আবেদন করে।