আগামী ২৩মে শুরু হওয়ার কথা ছিল ফরাসি ওপেন। কিন্তু করোনার প্রকোপ বাড়ায় এ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে ফ্রান্স টেনিস ফেডারেশন।
বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শুরু হবে আগামী ৩০ মে। চলবে ১৩ জুন পর্যন্ত। ফ্রান্সের টেনিস ফেডারেশনের সভাপতি জাইলস মরেটন টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ার বিষয়ে বলেছেন, ‘আমরা পরিস্থিতি আরও উন্নতি হওয়ার সময় দিলাম। এরপর আশা রাখছি যে আমরা রোলাঁ গ্যারোয় দর্শকদের আপ্যায়ণ করতে পারব। দর্শক উপস্থিতি টুর্নামেন্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এটা বসন্তের সবচেয়ে উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্পোর্টিং ইভেন্ট।’
ফ্রান্সের টেনিস ফেডারেশনের গৃহীত সিদ্ধান্তে কোনওরকম আপত্তি জানায়নি এটিপি অথবা ডব্লুটিএ। ফরাসি ওপেন পরবর্তী বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডল এফএফটি’র সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।