হারারে ক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট করতে নেমে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ভালোই খেলছিলেন শান্ত-মুশফিক। এবার ম্যাধভেরের করা বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরলেন মুশফিকুর রহিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ১২৭ রান তুলেছে বাংলাদেশ।
এখন ২৯ রানে নাজমুল হোসেন শান্ত ও শূন্যরানে মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত রয়েছেন।
ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান জিম্বাবুইয়ান দলনেতা রেগিস চাকাভা। টস হেরে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয়কে সঙ্গে নিয়ে দুর্দান্ত খেলতে থাকেন দলনেতা ও ওপেনার তামিম ইকবাল খান। ওপেনিং জুটিতে এই দুই ব্যাটার মিলে করেন ৭১ রান।
৪৪ বলে ৫০ রান পূর্ণ করার পর চিভাঙ্গার করা বলে কাইতানোর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। ৪৫ বলে খেলা তার ৫০ রানের ইনিংসটি ১০টি চার ও একটি ছয়ে সাজানো। এরপর ব্যক্তিগত ২০ রানে রান আউট হয়ে সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার এনামুল হক বিজয়।
তৃতীয় উইকেটে খেলতে আসা মুশফিকুর রহিম ইতিবাচক ব্যাটিংয়ের ইঙ্গিতই দিচ্ছিলেন। কিন্তু ওয়েসলে ম্যাধভেরের করা বলে মুনেয়োঙ্গার হাতে ক্যাচ তুলে দেন মুশি। আউট হওয়ার আগে করেন ২৫ রান।