স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বগুড়ায় শস্যচিত্রে বঙ্গবন্ধুর অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। যা গিনেজ বুকে নাম লিখিয়েছে। এবার নিজের ফসলের খেতে জাতীয় পতাকা ফুটিয়ে তুলেছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নূরে আলম সিদ্দিকী। সবুজ ও বেগুনি ধানের বীজ দিয়ে ১০ শতাংশ জমিতে এ জাতীয় পতাকার চিত্র ফুটিয়ে তুলেছেন তিনি। ইতোমধ্যে উৎসুক জনতা ভিড় করছেন জাতীয় পতাকার শস্যচিত্র দেখতে।
নূরে আলম সিদ্দিকী স্থানীয় ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি নিজের জমিতে নিজেই ধানচাষ ও মাছের ঘের করেন প্রতি বছর।
তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে দেশ। ইউটিউব দেখে বেগুনি ধানের খোঁজ নিয়ে বীজ সংগ্রহ করে জাতীয় পতাকার আদলে এই মাঠ সাজিয়েছেন তিনি। ইতোমধ্যে স্থানীয়দের মাঝে বিস্ময় সৃষ্টি করেছে তার এই কর্ম।
চারপাশে সবুজ ধানখেত, পতাকার আদলে তৈরি করা হয়েছে চতুর্ভুজ ও বৃত্ত। সবুজে ঘেরা খেতে বেগুনী রঙের ধান যেমন বিস্ময় সৃষ্টি করেছে, সেই সাথে জাতীয় পতাকার আদলে মাঠ দেখে সবাই মুগ্ধ হচ্ছেন।
নূরে আলম সিদ্দিকী বলেন, আমি আগামীতে মুক্তিযুদ্ধের ইতিহাস ফুটিয়ে তুলতে চাই ধানখেতে। যাতে করে মানুষ ধানচাষের পাশাপাশি ধানখেত দেখে মুক্তিযুদ্ধের ইতিহাস ও আমাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারে।
তিনি আরও বলেন, এবারই প্রথম আমি বেগুনি রঙের ধানের চাষ করেছি। আমার এলাকার আরো অনেকেই এ বিষয়টি আমার কাছে পরামর্শ চেয়েছেন। পাশের জমিগুলোসহ আগামীতে আমরা এই ধানের খেতেই মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে চাই।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, দেশে প্রথম বেগুনি রঙের ধানের আবাদ শুরু হয় গাইবান্ধায়। সৌন্দর্য ও পুষ্টিগুণে ভরপুর এই ধান। এ ধানের নাম ‘পার্পল লিফ রাইস’। এই ধানগাছের পাতা ও কাণ্ডের রঙ বেগুনি। এর চালের রঙও বেগুনি। তাই কৃষকদের কাছে এখন পর্যন্ত এ ধানের পরিচিতি বেগুনি রঙের ধান বা রঙিন ধান।
চারপাশে সবুজ ধানখেতের চতুর্ভুজ ও মাঝখানে বৃত্ত আকৃতির বেগুনি রঙের ধানের আবাদ। চারদিকে বিস্তৃত সবুজ ধানখেতের মধ্যে বেগুনি রঙের এই ধানগাছ দেখে কেউ কেউ থমকে দাঁড়িয়ে জানার চেষ্টা করছেন, এটি কী ধান বা ধানের এমন অবস্থা কী করে হলো? অনেকেই তুলছেন সেলফি। কাছে গিয়ে জাতীয় পতাকার আদলে মাঠ দেখে আপ্লুতও হচ্ছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, এর আগে কখনো এ উপজেলায় এ ধানের চাষ দেখেনি কেউ। বেগুনি রঙের ধান চাষ হওয়ার খবর শুনেছেন তারা। এই ধানের পুষ্টিমান বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।