লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ বলেছেন, বর্তমান অবৈধ সরকার ছলেবলে-কৌশলে বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন করে দীর্ঘ ১৫ বছর ক্ষমতা দখল করে দেশ শাসন করছে। তাদের এ শাসন-আমল ছিল নীতি ও নৈতিকতা বিবর্জিত। ক্ষমতা পাকাপোক্ত এবং ক্ষমতায় টিকে থাকতে দুর্নীতি, মাদক এবং অনৈতিক কর্মকাণ্ড সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করার সুযোগ করে দিয়েছে। সমগ্র দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। তাই, এ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এখন সময় তাদের বিদায় নেওয়ার এবং বিদায় নিতেই হবে।
শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর পূর্ব পান্থপথের এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অলি বলেন, এ সরকার বিচারব্যবস্থা, প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে। জনগণের নেই সাংবিধানিক বা মৌলিক অধিকার। জনগণ হলো দেশের মালিক কিন্তু বর্তমানে আমরা চাকর। কথা বললেই নির্যাতন এবং নিপীড়নের শিকার। এমনকি জনগণ ভোটের অধিকারও হারিয়ে ফেলেছে।ভোটের মালিক মোক্তার সরকারি কর্মকর্তারা, সরকারকে চালাবে তা সিদ্ধান্ত নেওয়ার মালিক তারাই। রক্ষক এখন ভক্ষক। জনগণ এখন বিভিন্ন বাহিনীর হাতে জিম্মি।
তিনি বলেন, দেশকে ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। আমাদের সবাইকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আসুন, সবাই মিলে দেশকে রক্ষা করি এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করি। হিংসা, প্রতিহিংসা, লোভ-লালসা পরিহার করি। আল্লাহর নির্দেশ অনুযায়ী নিজকে পরিচালিত করি। দেশ এবং জনগণের প্রতি সততার সঙ্গে দায়িত্ব পালন করি।
আমাদের দাবি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু জাতীয় নির্বাচন। এ লক্ষ্য অর্জনে বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্বাচন কমিশন পুনর্গঠন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা, অস্ত্রবাজদের গ্রেফতার করা, মিথ্যা মামলা প্রত্যাহার করা, খালেদা জিয়াকে মুক্তি দেওয়া, দায়িত্ববোধ, সুশাসন এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করা ইত্যাদি।
এলডিপির মহাসচিব রেদোয়ান আহমদের সভাপতিত্বে মহাসমাবেশে প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম চৌধুরী, নেয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসীম প্রমুখ বক্তব্য দেন।