চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের বিপক্ষে ৩৯৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। জিততে হলে সফরকারীদের চাই আরো ২৮৫ রান। আর টাইগারদের চাই সাত উইকেট।
এর আগে অধিনায়ক মুমিনুল হকের সেঞ্চুরিতে ৮ উইকেটে ২২৩ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গতকাল শনিবার চতুর্থ দিনের শেষ সেশনের সুযোগ মোটামুটি কাজে লাগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন টপ অর্ডারকে হারালেও ১১০ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের দিন শেষ করে সফরকারীরা।
উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ২০ ও জন ক্যাম্পবেল ২৩ রান করে আউট হন। টাইগারদের পক্ষে তিনটি উইকেটই তুলে নেন অলরাউন্ডার মেহেদী মিরাজ। ক্রিজে আছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান কাইল মেয়ার্স (৩৭*) ও এনক্রুমাহ বোনার (১৫*)।
এদিকে ছন্দে থাকা মেহেদি হাসান মিরাজের সামনে রয়েছে ব্যক্তিগত দারুণ এক অর্জনের হাতছানি। আর মাত্র তিনটি উইকেট নিতে পারলে পঞ্চম ক্রিকেটার হিসেবে ম্যাচে একশর বেশি রান এবং ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়বেন মিরাজ।