কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ আরও দুই হাজার ৬৫২ রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (২ মে) সকাল ১০টায় উখিয়ার বালুখালী ক্যাম্প ৮ ইস্টে রামুস্থ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এ ত্রাণ বিতরণ করে।
সেনাবাহিনী জানায়, গত ২২ মার্চ বালুখালী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ রোহিঙ্গার মৃত্যু হয়। এ ছাড়াও পুড়ে ছাই হয়ে যায় ১০ হাজার ঘর। এরপর থেকে রোহিঙ্গাদের নিরাপত্তার নিয়োজিত সেনাবাহিনী অন্যান্য সংস্থার সমন্বয়ে রোহিঙ্গাদের ত্রাণ প্রদানসহ নানা সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৭ এপ্রিল প্রথম দফায় ক্ষতিগ্রস্ত এক হাজার ৫৭৬ জন রোহিঙ্গাকে সহায়তা করে সেনাবাহিনী।
রোববার দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত দুই হাজার ৬৫২ রোহিঙ্গা পরিবারের মাঝে ১০ কেজি চাল ও দৈনন্দিন ব্যবহার্য দ্রব্যাদি প্রদান করা হয়। এ কার্যক্রমে নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টাস্কফোর্স কমান্ডার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।