কক্সবাজারে পর্যটক নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ মামলায় এজাহারভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম রিজিয়নের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ মুসলিম এ তথ্য জানান।
গ্রেপ্তার আসামির নাম- ইসরাফিল হুদা জয়। তিনি মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি। এ নিয়ে মামলার এজাহারভুক্ত তিনজন সহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে ইসরাফিল হুদা জয়কে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মো. শফিউদ্দিন শফির ছেলে।
এডিআইজি জানান, মামলার অনেক বেশী অগ্রগতি হয়েছে। এজাহারভুক্ত অপর আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হলে ঘটনার পুরো দৃশ্যপট পরিষ্কার হবে।
এর আগে রোববার (২৬ ডিসেম্বর) রাতে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয় মামলার প্রধান অভিযুক্ত আশিকুল ইসলাম আশিককে। তাকে ঢাকায় আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে কক্সবাজার নিয়ে আসার জন্য আইনি প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় গ্রেপ্তার হোটেল ম্যানেজার ৪ দিনের এবং সন্দেহজনকভাবে গ্রেপ্তার ৩ আসামি ২ দিনের রিমান্ডে রয়েছে।
গত ২২ ডিসেম্বর (বুধবার) রাতে সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে ২৫ বছর বয়সী এক নারীকে তুলে নিয়ে তার স্বামী-সন্তানকে জিন্মি করে একটি আবাসিক হোটেলে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠে।