কনসার্ট থেকে ফেরার পথে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে উপজেলার পারলক্ষ্মীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার বোড়া গ্রামের সেন্টু মিয়ার ছেলে খালিদ হোসেন ও একই গ্রামের আরিফুল ইসলামের ছেলে তামিম হোসেন। আহত সজিব আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার সিন্দুরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে কুষ্টিয়ায় একটি কনসার্টে গিয়েছিলেন ওই তিন যুবক। পরে একই মোটরসাইকেলেযোগে বাড়ি ফিরছিলেন তারা। রাত ২টার দিকে আলমডাঙ্গার পারলক্ষ্মীপুর গ্রামে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান খালিদ হোসেন (১৮) ও তামিম হোসেন (১৮)। গুরুতর আহত হন সজিব আলী (১৯)। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ওসি শেখ গনি মিয়া বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।