সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিম পুর গ্রামের বাসিন্দা আশরাফ আলী (৭০) মারা যাওয়ার পর কবরস্থানে পানি থাকায় ছয় দিন কাঠের বাস্কের মধ্যে রাখা হয়।
বুধবার (২২ জুন) পানি কিছুটা কমলে কবর খুড়ে দুপুর ১২টার দিকে তাকে দাফন করা হয়।
এর আগে, গত শুক্রবার (১৭ জুন) বন্যা আশ্রয় কেন্দ্র ইব্রাহিম পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেন আশরাফ আলীসহ তার পরিবারের লোকজন। ওই আশ্রয় কেন্দ্রে ওই সময় খাবার তেমন কিছু ছিল না। পরে রাত সাড়ে ১২টার দিকে আশরাফ আলী ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। এর একপর্যায়ে তিনি মারা যান। পর দিন সকালে তাকে গোসল দিয়ে নৌকার মধ্যে জানাজা পড়ানো হয়।
কবরস্থান ডুবে থাকায় ওই দিন আর কবর দেয়া সম্ভব হয়নি। তারপর পরিবারের সদস্যরা একটি কাঠের বাক্স তৈরি করে কাফন পরিয়ে পলিথিনে মুড়িয়ে কবরস্থানে বাঁশের সঙ্গে বাক্সে বেঁধে রেখে দেন। আজ কবরস্থান থেকে পানি নেমে গেলে কবর খুড়ে আরশাফ আলীর দাফন সম্পন্ন করা হয়।
মারা যাওয়া আশরাফ আলীর মেয়ে সুরমা ইউনিয়নের ইউপি সদস্যা তানজিনা বেগম রোকশানা বলেন, আমার বাবা মারা যাওয়ার পর কবরস্থানে পানি ছিল তাই করব খোড়া সম্ভব হয়নি। তাই ছয় দিন পর আজকে মরদেহ দাফন করা হয়েছে। ওই দিন আশ্রয় কেন্দ্রে এসে কেউ খাবার পায় নি। আমার বাবাও খাবার খুঁজছিলেন। পরে ওই দিন রাতেই তিনি মারা যান।