আইপিএলের ১৪তম আসর ঘনিয়ে আসছে। আর মাত্র কদিন পরেই পর্দা উঠবে এবারের আসরের। কিন্তু টুর্নামেন্ট যতই ঘনিয়ে আসছে, ততই চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। বাড়ছে সংক্রমণ।
গতকাল করোনায় আক্রান্ত হয়েছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এক ক্রিকেটার। এবার করোনাভাইরাস হানা দিয়েছে আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সে। রোহিত শর্মার দলের কিপিং পরামর্শক কিরন মোরে করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়া মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের আরও ৩ মাঠকর্মী করোনা আক্রান্ত হয়েছেন।
এদিকে, দিল্লি ক্যাপিটালস দলে অক্ষর প্যাটেল, চেন্নাই সুপার কিংস দলের এক কর্মকর্তাসহ একাধিক ব্যক্তি করোনা আক্রান্ত। মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের সাবেক উইকেটকিপার কিরন মোরের কোনো উপসর্গ নেই। তিনি কোয়ারেন্টিনে আছেন। মুম্বাই দলের চিকিৎসকরা তার দেখাশোনা করছে। এর আগে ওয়াংখেড়ের ১০ জন মাঠকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন।
এবারের আইপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারতের ৬টি শহরে। এখন পর্যন্ত সে পরিকল্পনায় কোনো পরিবর্তন আসেনি। তবে স্টেডিয়াম থাকবে দর্শকবিহীন।
১০ এপ্রিল মুম্বাইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে আসর শুরুর আগে একমাত্র দুশ্চিন্তার নাম করোনাভাইরাস। তাই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়, বিসিসিআইসহ আইপিএল আয়োজকদের বাড়তি চাপে থাকতেই হচ্ছে।