করোনায় খুলনার হাসপাতালগুলোতে আবারো মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় শহরের তিন করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন ৯ জন।
আজ বুধবার (৪ আগস্ট) সকাল ৮টার মধ্যে মারা গেছেন তাঁরা। গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) খুলনার হাসপাতালগুলোতে করোনায় মৃত্যু হয়েছিল সাতজনের।
গত ২৪ ঘণ্টায়ে যে ৯ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ছয়জন, সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুইজন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন।
এছাড়া গত ৩১ জুলাই ও ১ আগস্ট চারজন করে এবং গত ২ আগস্ট ছয়জনের মৃত্যু হয়। শুক্রবার (৯ জুলাই) মারা যান ২৭ জন, যা ছিল খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এঁরা হলেন খুলনার সোনাডাঙ্গার মীর আব্দুর রশিদ (৮২), সদরের মাসুসা (৪৬), তেরখাদার সেলিনা বেগম (৬০), বাগেরহাটের রামপালের জবেদা বেগম (৯০), কচুয়ার মমতাজ বেগম (৬৩) ও নড়াইল লোহাগড়ার নজরুল ইসলাম (৬০)।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যাননি।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন গোপালগঞ্জের মুকসুদপুরের কবিতা সরকার (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপারসন ডা. প্রকাশ দেবনাথ বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যাননি।
সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নগরীর বকসিপাড়া মেইন রোডের নাসরিন নাহার (৫৫) ও শিপইয়ার্ড জিন্নাহপাড়া এলাকার হোসনেয়ারা বেগম (৬২) নামে দুইজনের মৃত্যু হয়েছে।