গোটা ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন। সে তালিকায় যোগ হচ্ছেন ক্রীড়াঙ্গনের মানুষও।
করোনায় আক্রান্ত হয়ে সোমবার (১০ মে) প্রাণ হারালেন ভারতীয় ক্রিকেটার পিযুশ চাওলের বাবা প্রমোদ কুমার চাওলা। এর একদিন আগেই মারা যান এবারের রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলা চেতন সাকারিয়ার বাবা।
পিযুশ চাওল নিজেই ইনস্টাগ্রামে তার বাবার মৃত্যুর সংবাদ দেন। গত কয়েকদিন ধরেই কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই করছিলেন চাওলার বাবা। সোমবার (১০ মে) দিল্লির এক হাসপাতালে তার মৃত্যু হয়। ইনস্টাগ্রামে চাওলা লেখেন, তোমায় ছাড়া জীবন আর একই রকম থাকবে না। জীবন শক্তির অন্যতম ভরসাকে হারালাম।
ইনস্টাগ্রামে পীযুশ চাওলা বাবার একটি ছবি শেয়ার করে লেখেন, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমার বাবা প্রমোদ কুমার চাওলা মারা গেছেন। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। কোভিড পরবর্তী সমস্যায় ভুগছিলেন। প্রার্থনা করুন, এই কঠিন সময়ে যেন আমরা নিজেদের সামলাতে পারি। তার আত্মার শান্তি কামনা করি।
এবারের স্থগিত হয়ে যাওয়া আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেললেও দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলেছেন চাওলা। কেকেআর থেকে চেন্নাই সুপার কিংস হয়েও এবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন।