টিকাদান কর্মসূচিসহ নানা পদক্ষেপের পরও করোনার বিস্তার নিয়ন্ত্রণে না আসায় অবশেষে কঠোর রাস্তায় হাটতে শুরু করেছে দিল্লি। জারি করা হয়েছে সান্ধ্য কারফিউ। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
আজ (মঙ্গলবার) থেকেই দিল্লিতে রাত্রিকালীন এই কারফিউ কার্যকর হবে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রাত ১০ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে বলে জানিয়েছে দিল্লি সরকার।
সোমবার দিল্লিতে ৬৪ হাজার তিনটি নমুনা পরীক্ষায় ৩ হাজার ৫৪৮ জনের করোনা শনাক্ত হয়। যা, গত বছরের ২ ডিসেম্বরের পর থেকে দিল্লিতে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। সংক্রমণের হার ছাড়িয়েছে পাঁচের গণ্ডি। এতদিন শনাক্তের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও খুব নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে ভারতে। সম্প্রতি ভারতে প্রাত্যাহিক শনাক্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।
গত সপ্তাহে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, রাজধানীতে করোনার চতুর্থ ওয়েভ আছড়ে পড়েছে। কিন্তু লকডাউন হবে না উল্লেখ করে তিনি বলেছিলেন, সার্বিকভাবে মানুষের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।